গাংনী প্রতিনিধি :
মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামের কলোনীপাড়ায় অভিযান চালিয়ে ৪ কেজি ২শ গ্রাম গাঁজা উদ্ধার করেছে র্যাব। অভিযানের সময় পালিয়ে যাওয়া ৪ মাদক ব্যবসায়ীর নামে মামলা করা হয়েছে বলে র্যাবের পক্ষ থেকে জানানাে হয়েছে।
বুধবার দিবাগত সন্ধ্যা রাতে গাঁজা উদ্ধারের বিষয় নিশ্চিত করেছেন র্যাব-১২ এর মেহেরপুরের গাংনীস্থ ক্যাম্পের কমান্ডার ও সহকারি পুলিশ সুপার মনিরুজ্জামান। এর আগে বুধবার বিকেল ৫টার দিকে র্যাব-১২ এর (গাংনী) ক্যাম্পের একটিদল অভিযান চালিয়ে গাঁজা উদ্ধার করে।
র্যাব সূত্র জানায়,গাংনী র্যাব ক্যাম্প কমান্ডার ও সহকারি পুলিশ সুপার মনিরুজ্জামানের নেতৃত্বে শ্যামপুর গ্রামের কলােনীপাড়ার মাঠে মাদক বিরোধী অভিযান চালানো হয়। এসময় মাদক কারবারীরা পালিয়ে গেলেও ঘটনাস্থলে পড়ে ছিল ৪.২ কেজি গাঁজা। মাদক কারবারীদের ফেলে যাওয়া গাঁজা উদ্ধার করা হয়। মাদক ফেলে পালিয়ে যাওয়া এসব মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে র্যাবের এ দলটি।
র্যাব সূত্র আরাে জানায়, পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ী গাংনী উপজেলার গাঁড়াডোব গ্রামের মাঠপাড়ার এমাজ উদ্দীনের ছেলে মারত মন্ডল (৪০) ও মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামের মোহন আলীর ছেলে রাকিবুল ইসলাম ওরফে ড্যানি এবং তাদের অজ্ঞাত দুই সহযোগী। পালিয়ে যাওয়া এ ৪জনের নামে গাঁজা পাঁচারের অভিযোগে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।