মেহেরপুর নিউজ, ০৭ এপ্রিল:
মেহেরপুর জেলা প্রশাসক পরিমল সিংহ বলেছেন চিকিৎসা সেবা ক্ষেত্রে আমরা অনেক দূর এগিয়েছি। আমাদের বর্তমান সরকার এক্ষেত্রে যথেষ্ট উন্নয়নের চেষ্টা করছে। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে গ্রামীন জনপদে স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছে সরকার।
তিনি বলেন, আমি প্রতিনিয়ত বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করেছি এবং উপলদ্ধি করেছি। জেলা প্রশাসক বলেন, আমরা স্বাস্থ্য খাতে অনেক এগিয়ে আছি তবে কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে আরো সচেতন হতে হবে।
জেলা প্রশাসক পরিমল সিংহ শনিবার সকালে মেহেরপুর জেলা স্বাস্থ্য বিভাগ আয়োজিত বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন।
ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মিজানুর রহমানের সভাপতিত্বে সিভিল সার্জন অফিস মিলনায়তনে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ডা. এহসানুল করিব, ডা. রফিকুল ইসলাম, ডা. মৃনাল কান্তি, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা কাজী রওশান নাহার, ব্র্যাকের উপজেলা প্রতিনিধি মোনায়েম হোসেন প্রমুখ।
এর আগে স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে ভারপ্রাপ্ত সিজিল সার্জন ডা. মিজানুর রহমানের নেতৃত্বে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের পৌর ঈদগাহ ময়দান থেকে শুরু করে প্রধান সড়ক হয়ে সিভিল সার্জন অফিসে গিয়ে শেষ হয়।