মেহেরপুর নিউজ:
মেহেরপুরে গত ৪ দিন থেকে ঘন কুয়াশায় ও শীতের মাত্রা অনেকটা বেড়ে গেছে। মেহেরপুরে জেঁকে বসেছে শীত, গত বুধবার মধ্যরাত থেকে শুরু হয় ঘন কুয়াশা। ঘন কুয়াশার সাথে হাড় কাঁপানো ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। শহরের তুলনায় গ্রাম অঞ্চলে শীতের প্রকোপ অনেকটা বেশি, প্রচন্ড শীত ও ঘন কুয়াশার কারণে প্রতিনিয়ত ছোট, বড় নানা ধরনের দূর্ঘটনা রাস্তা-ঘাটে ঘটেই চলেছে।
মেহেরপুরে সকাল থেকে সন্ধ্যা হলেও দিনের আলোর দেখা মেলেনি আজ। সকাল থেকে বেলা বাড়ার সাথে সাথে ঘন কুয়াশাও পাল্লা দিয়ে বেড়ে চলে। সূর্যের মুখ দেখা না যওয়ায় সকাল থেকে সারাদিন ব্যস্ত শহরে যানবাহন চলাচল করেছে, তবে হেডলাইট জ্বালিয়ে। ঘন কুয়াশার কারণে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় গৃহপালিত পশুদের কম্বলসহ পুরাতন কাপড় পরাতে দেখা গেছে। চলমান সত্য প্রবাহ আরো কয়েকদিন থাকবে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন।