মেহেরপুর নিউজঃ
জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন,, শান্তির প্রতীক পায়রা উড়ানো, আলোচনা সভা, বর্ণাঢ্য র্যালি এবং সমবায়ীদের মাঝে পুরস্কার প্রদানের মধ্য দিয়ে মেহেরপুরে ৫২ তম সমবায় দিবস পালিত হয়েছে ।
শনিবার দুপুরের দিকে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সমবায় দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন। স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় কর্মকর্তা প্রভাষচন্দ্র বালা।সহকারি প্রশিক্ষক রোকনুজ্জামান তুষারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমবায়ী আয়নাল হক, শাহিনুর রহমান।
পরে সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে জাতীয় সমবায় দিবস উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে জাতীয় পতাকা এবং সমবায়ী পতাকা উত্তোলন করা হয় এবং শান্তির প্রতীক পায়রা ওড়ানো হয়।