মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমান অভিযানে পুর্বে সতর্ক করা সত্ত্বেও প্রচুর মেয়াদ উত্তীর্ণ ঔষধ র্যাকে সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে ২ প্রতিষ্ঠান মালিকের ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার দুপুরের দিকে মেহেরপুরের মুজিবনগর উপজেলা কোমরপুর বাজারে এ অভিযান চালানো হয়। মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সরকারি পরিচালক সজল আহমেদের নেতৃত্বে মেসার্স ইউসুফ ফার্মেসী নামক প্রতিষ্ঠানে পুর্বে সতর্ক করা সত্ত্বেও প্রচুর মেয়াদ উত্তীর্ণ ঔষধ র্যাকে সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো: মনিরুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫১ ধারায় ১৫ হাজার টাকা এবং মেসার্স ভাই ভাই ফার্মেসীর মালিক মো: আব্দুল জব্বারকে একই অপরাধ ও ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় সবাইকে ভাউচার ও মুল্যতালিকা রাখার নির্দেশনা দেয়া হয় এবং সবাইকে ভোক্তা অধিকার বিরোধী কাজ থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়। এসময় উপস্থিত ব্যবসায়ী ও জনসাধারণকে এবিষয়ে সতর্ক করা হয় ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।