মেহেরপুর নিউজ:
তারুণ্যের উৎসব উপলক্ষে মেহেরপুরে আইএফআইসি ব্যাংকের উদ্যোগে একটি সেমিনারের আয়োজন করা হয়। সোমবার দুপুরে মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের শিক্ষক মোক্তার হোসেন মিয়া। সেমিনারে “তারুণ্যের প্রাণ, নতুন দিগন্তের আহ্বান” স্লোগানকে সামনে রেখে বক্তব্য রাখেন আইএফআইসি ব্যাংক মেহেরপুর শাখার ব্যবস্থাপক সাদেক উল্লাহ, অনিতা কোহিনুর, সামিউল আলম ও মইনুদ্দিন প্রমুখ।
এ সময় বক্তারা তরুণদের ব্যাংকিং ব্যবস্থার সাথে পরিচিত করেন। তারা ব্যাংকের বিভিন্ন সুবিধা, সঞ্চয়ের গুরুত্ব এবং আধুনিক ডিজিটাল ব্যাংকিংয়ের সহজলভ্য সেবা নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, ডিজিটাল ব্যাংকিং ব্যবহারের মাধ্যমে তরুণরা ঘরে বসেই ব্যাংকিং কার্যক্রম সম্পন্ন করতে পারবে, যা সময় ও খরচ দুটিই সাশ্রয় করবে। পাশাপাশি উদ্যোক্তা ও শিক্ষার্থীদের জন্য ব্যাংকের বিভিন্ন সুবিধা কীভাবে ইতিবাচক প্রভাব ফেলতে পারে, তাও তুলে ধরা হয়।
অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, এ আয়োজন তাদের কাছে নতুন অভিজ্ঞতা এনে দিয়েছে। ব্যাংকিং সম্পর্কে বাস্তব ধারণা পেয়ে তারা ভবিষ্যতে সঞ্চয় ও বিনিয়োগ বিষয়ে আরও আগ্রহী হয়ে উঠবেন।
উৎসবে শিক্ষক, শিক্ষার্থী ও তরুণ-তরুণীরা অংশ নিয়ে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করেন। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন তারুণ্যের ইতিবাচক চর্চা, সৃজনশীলতা ও আধুনিক প্রযুক্তির সঙ্গে তাদের সম্পৃক্ত করতে বিশেষ ভূমিকা রাখবে।
এর আগে আর্থিক নিরাপত্তা বিষয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। সেমিনারে মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।