মেহেরপুর নিউজ:
পিতা কে মারধর করে বাড়ি ছাড়ার পর কুলাঙ্গার পুত্র এখন মায়ের উপর নির্যাতন চালাচ্ছেন। এমনই অভিযোগ করলেন মেহেরপুরের মুজিবনগর উপজেলার খানপুর গ্রামের বৃদ্ধা বানিয়া খাতুন। বানিয়া খাতুন দারিয়াপুর ইউনিয়নের খানপুর গ্রামের মৃত আফিল উদ্দিনের স্ত্রী।
বানিয়া খাতুন তার বড় ছেলে আব্দুল হামিদ এর বিরুদ্ধে তাকে নির্যাতনের অভিযোগ করে সন্তানের বিরুদ্ধে পুলিশ সুপার বরাবর আবেদন করেছেন। বানিয়া খাতুনের লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে প্রায় আট বছর পূর্বে তার বড় ছেলে আব্দুল হামিদ তার পিতা আপেল উদ্দিন জীবিত থাকাকালীন অবস্থায় মারধর করে বাড়ি ছেড়ে অন্যত্র চলে যায়।
চলতি সালের ১৮ জুন তারিখে আফিল উদ্দিন মৃত্যুবরণ করার পরপরই আব্দুল হামিদ পুনরায় বাড়ি ফিরে আসে এবং তার মা, বড় বোন এবং ছোট ভাই এর উপর নির্যাতন শুরু করেন।
বৃদ্ধা বানিয়া খাতুন অভিযোগ করে বলেন, তার বড় ছেলে আব্দুল হামিদকে লেখাপড়া শিখিয়েছি। আনন্দবাস মিয়া মুনসুর একাডেমী ভোকেশনাল শাখায় শিক্ষকের চাকরি নিয়ে দিয়েছি অর্থ খরচ করে। তার পরও সে এখন আমার ওপর নির্যাতন করছে, আমার ছোট ছেলে এবং মেয়ের উপর নির্যাতন চালাচ্ছে।
তিনি বলেন, প্রায় প্রতিদিনই ধারালো অস্ত্র নিয়ে বাড়িতে আসে এবং হুমকি দিয়ে যাচ্ছে। বানিয়া খাতুন বলেন আমার বড় ছেলের হুমকির কারণে আমরা আতঙ্কের মধ্যে বসবাস করছি। কেন তার বড় ছেলে এ ধরনের হুমকি দিচ্ছে এবং নির্যাতন চালাচ্ছে এমন প্রশ্নের জবাবে বানিয়ে খাতুন বলেন বাড়ি এবং মাঠে যে সকল জমি রয়েছে তার নামে লিখে দেওয়ার জন্যই মূলত নির্যাতন করছে। এবং প্রতিনিয়ত হুমকি দিচ্ছে। বৃদ্ধ এই মা তার সন্তানের বিরুদ্ধে বিচার দাবি করেছেন।