মেহেরপুর নিউজ:
বাংলাদেশ স্কাউটস,স্পেশাল ইভেন্টস বিভাগ কর্তৃক আয়োজিত জাতীয় প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ২০২৩-এ মেহেরপুর সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের মোঃ বাদশা খান ও মোঃ অনিক হাসান জাতীয় পর্যায়ে পুরস্কার লাভ করেছেন। মোঃ বাদশা খান, বাংলা ভাষায় উপস্থাপনা বিভাগে জাতীয় পর্যায়ে দ্বিতীয় এবং মোঃ অনিক হাসান ,যন্ত্রসংগীত বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করার গৌরব অর্জন করে।
ঢাকা আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট মিলনায়তনে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব মোঃ তোফাজ্জল হোসেন মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস এর প্রধান জাতীয় কমিশনার ও দুর্নীতি দমন কমিশনের কমিশনার ড. মোঃ মোজাম্মেল হক খান।মোঃ অনিক হাসান মেহেরপুর সরকারি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র ও মেহেরপুর শহরের মুখার্জি পাড়ার শহিদুল ইসলামের ছেলে। মোঃ বাদশা খান মেহেরপুর সরকারি কলেজের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র এবং মেহেরপুর সদর উপজেলা সুবিদপুর গ্রামের রফিক খানের ছেলে।
মোঃ বাদশা খান ও মোঃ অনিক হাসান এর আগে চলতি সালের ২২ ফেব্রুয়ারী মেহেরপুর জেলা পর্যায়ে প্রথম এবং ২৮ ফেব্রুয়ারী খুলনা বিভাগীয় পর্যায়ে নিজ নিজ গ্রুপ থেকে প্রথম স্থান অর্জন করে জাতীয় পর্যায় প্রতিযোগিতার সুযোগ লাভ করে। ১২ মার্চ জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।