মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগরের বাগোয়ান- আনন্দবাস সংযোগ সড়ক থেকে ৮১ বোতল ফেন্সিডিল উদ্ধার মামলার পলাতক আসামী শাওন তানভীর আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
সোমবার দুপুরের দিকে শাওন তানভীর মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে বিচারক রাফিয়া সুলতানা তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ২০২০ সালের ৩০ আগস্ট মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান আনন্দবাস সংযোগ সড়ক থেকে পুলিশ ৮১ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
ঐসময়ে কামাল হোসেন নামের একজনকে পুলিশ গ্রেপ্তার করলেও পুলিশের তাড়া খেয়ে মোটরসাইকেল ফেলে রেখে পালিয়ে যায় কামালের সহযোগী মেহেরপুর হোটেল বাজার পাড়ার মহির ছেলে শাওন। ওই ঘটনার পর শাওন দীর্ঘদিন আত্মগোপন করে থাকে।