মেহেরপুর নিউজ:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মেহেরপুরে বিনামূল্যে চক্ষু শিবিরের আয়োজন করবে মেহেরপুর জেলা আওয়ামী লীগ।
আগামী ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মেহেরপুর মেহেরপুর কবি নজরুল শিক্ষা মন্জিল প্রাঙ্গণে এ চক্ষু শিবির অনুষ্ঠিত হবে। সোমবার সন্ধ্যায় মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের বাসভবনে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি জানানো হয়।
মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহীন চক্ষু শিবির সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। বিনামূল্যে চক্ষু শিবিরে বেগম ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু ইনস্টিটিউটের পরিচালক ডা. আবু সাইফু উদ্দিন, সহকারী পরিচালক আব্দুল্লাহেল আজম, ডা.আরিফুল হাকিমসহ ১০ জন চিকিৎসক রোগীদের চিকিৎসা করবেন এবং চোখে ছানি পড়া রোগীদের বিনামূল্যে অপারেশন করবেন। সকাল ৮ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত চক্ষু শিবির অনুষ্ঠিত হবে।
প্রেসব্রিফিংয়ে অন্যদের মধ্যে মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন মিদুল, সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আদিব হসেন আসিফ, সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন, যুবলীগ নেতা মিজানুর রহমান হিরণ প্রমুখ উপস্থিত ছিলেন।