মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১০ এপ্রিল:
মেহেরপুর সদর উপজেলার বামনপাড়া কাজি কুদরুতুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণীর এক ছাত্রীকে প্রেম নিবেদন করে ব্যর্থ হয়ে মানে অভিমানে একদল বহিরাগত যুবক স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে। হামলায় ২ শিক্ষক ও ১০ শিক্ষার্থী আহত হয়েছে। আহতদের মধ্যে ওই বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র মেহেরুল, ৮ম শ্রেণীর ছাত্র হাবিবুর, সম্রাট ও লিটনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় মেহেরপুর সদর থানা পুলিশ হামলাকারী ৪ যুবককে আটক করেছে। মঙ্গলবার দুপুরের দিকে এ হামলার ঘটনা ঘটে।
জানা যায়, মেহেরপুর শহরের ঘোষপাড়ার ফজলুর ছেলে বাপন মেহেরপুর সদর উপজেলার বামনপাড়া কাজি কুদরুতুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণীর এক ছাত্রীকে প্রেম নিবেদন করে । ওই ছাত্রী তার প্রেমে সাড়া না দেওয়াই বখাটে ওই যুবক বিদ্যালয়ের বিভিন্ন ক্লাসের বেঞ্চে ওই ছাত্রীর নামে নানা ধরনের কটুক্তি লিখে রাখে ।
মঙ্গলবার শিক্ষার্থীরা ক্লাশরুমে ঢুকে বেঞ্চের উপর লেখা দেখে শিক্ষকদের জানায়। এদিকে ওই দিন দুপুরের দিকে বাপেন ওই বিদ্যালয়ে প্রবেশ করে । কয়েক জন ছাত্রকে ডেকে মারধর করে। পরে সে মোবাইল ফোনে মেহেরপুর শহর থেকে আরও কয়েকজনকে ডেকে নিয়ে ছাত্রদের উপর চড়াও হয়। এসময় শিক্ষকরা বাধা দিতে গেলে বহিরাগতরা প্রধান শিক্ষক ফজলুল হক, সিনিয়র শিক্ষক মোতালেব হোসেন, মোস্তফা কামালসহ কয়েক শিক্ষককেও লাঞ্চিত করে। খবর পেয়ে মেহেরপুর সদর থানার পুলিশ ঘটনা স্থলে পৌছে ঘটনার সাথে জড়িত সন্দেহে মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের চার ছাত্রকে আটক করে থানায় নিয়ে যায়।