মেহেরপুর নিউজ:
মেহেরপুর শহরের ঘোষপাড়ার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। রবিবার দুপুরে মেহেরপুর শহরের হোটেল বাজার জামে মসজিদ প্রাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামকে গার্ড অব অনার প্রদান করা হয়।
মেহেরপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। এর আগে জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্প মাল্য অর্পণ করা হয়।
এ সময় মেহেরপুর পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় বিউগলে করুন সুর বাজানো হয়। এক মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে জানাজা এবং পরে শহরের পুরাতন কবরস্থানে তাকে দাফন করা হয়। গার্ড অব অনার অনুষ্ঠানে মেহেরপুর সদর থানার ওসি কনি মিয়া, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, ক্যাপ্টেন (অবঃ) আব্দুল মালেক,বীর মুক্তিযোদ্ধা ফিরোজ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে বীর মুক্তিযোদ্ধা আবু সালাম শহরের ঘোষপাড়ায় তার নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। মরহুম আব্দুস সালাম এর ২ পুত্র ৪ কন্যা সহ অসংখ্য গুণাগ্রহী রয়েছে।