মেহেরপুর নিউজ:
মেহেরপুরের পুলিশ সুপার রাফিউল আলম বলেছেন আজকে আমরা সকলেই করোনাভাইরাসের ট্রায়াল বুস্টার ডোজ টিকার আওতায় আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। পাশাপাশি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি।
পুলিশ সুপার বলেন, প্রথম ডোজ নেওয়ার তিন মাস পর করোনার বিরুদ্ধে টিকার কার্যকারিতা কমতে শুরু করে। আর দ্বিতীয় ডোজের ছয় মাস পর তা অনেকটাই কমে যায়। কার্যকারিতা কমে যাওয়ার কারণে ছয় মাস পর করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায় আগের চেয়ে ১৫ গুণ। ফলে এক বা দুই ডোজ টিকা অধিকাংশ ব্যক্তিকে গুরুতর অসুস্থতা থেকে সুরক্ষা দিলেও সংক্রমণ ঝুঁকি থাকে। তাই বুস্টার ডোজ নিতে হবে। তাছাড়া নতুন ধরন অমিক্রনের কারণে বুস্টার ডোজ জরুরি হয়ে পড়েছে।
বুস্টার ডোজ টিকা দেওয়ার পাশাপাশি আমরা যেন স্বাস্থ্যবিধি মেনে চলি এবং নিয়মিত মাস্ক ব্যবহার করি। পুলিশ সুপার মোঃ রাফিউল আলম বুধবার সকালের দিকে মেহেরপুর স্টেডিয়ামে করোনা ভাইরাস প্রতিরোধে বুস্টার ডোজ টিকা গ্রহণ শেষে মেহেরপুর নিউজ এর মাধ্যমে তিনি এ কথা বলেন।
পুলিশ সুপার সকলকে সতর্ক করে বলেন ইতোমধ্যেই অমিক্রণ নামের আরও একটি ভাইরাসের আবির্ভাব ঘটেছে। যা থেকে সকলকে সচেতন থাকতে হবে। পুলিশ সুপার মোঃ রাফিউল আলম টিকা গ্রহন করার পূর্বে পুলিশ সুপার রাফিউল আলমের মা এবং পরে অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম বুস্টার ডোজ টিকা গ্রহণ করেন।