মেহেরপুর নিউজঃ
যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মেহেরপুরে পবিত্র ঈদুল ফিতর পালিত হয়েছে। একমাস সিয়াম সাধনার পর শনিবার দুই রাকাত ওয়াজিব নামাজ আদায়ের মধ্য দিয়ে উদযাপিত হয় মুসলমানদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব।
ঈদুল ফিতর উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন থাকলেও প্রতিকূল আবহাওয়ার কারণে এবার ভিন্ন চিত্র দেখা যায়। আগের দিন রাত থেকে টানা বৃষ্টিপাতের ফলে ঈদগাহ মাঠগুলো পানিতে তলিয়ে যায়। ফলে মেহেরপুর শহরসহ জেলার অধিকাংশ এলাকায় ঈদের নামাজ মসজিদে আদায় করতে হয়।
সকালে বৈরী আবহাওয়ার কারণে নামাজ শুরুর আগে মসজিদের মাইক থেকে ঘোষণা দিয়ে এলাকাবাসীকে নিজ নিজ মসজিদে নামাজ আদায়ের জন্য আহ্বান জানানো হয়। এরপর মুসল্লিরা নিজ নিজ এলাকার মসজিদে একসঙ্গে নামাজ আদায় করেন।
নামাজ শেষে একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন মুসল্লিরা এবং প্রিয়জনদের জন্য দোয়া করতে কবরস্থান জিয়ারত করেন।