মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়নের নওদাপাড়া এবং পার্শ্ববর্তী দারিয়াপুর ইউনিয়নের দারিয়াপুরের মাঝামাঝি স্থান দিয়ে ভৈরব নদের উপর ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছে নওদাপাড়া গ্রামবাসী।
নওদাপাড়া থেকে দারিয়াপুরের দূরত্ব মাত্র কয়েক মিটার হলেও মাঝ দিয়ে বয়ে যাওয়া ভৈরব নদের উপর কোন ব্রিজ না থাকায় নওদাপাড়ার মানুষজনকে দীর্ঘ পথ অতিক্রম করে দারিয়াপুর আসা যাওয়া করতে হয়।
পাশাপাশি অনেকেই দুই গ্রামের মাঝখান দিয়ে বয়ে যাওয়া ভৈরব নদের উপর বাঁশ দিয়ে ফরাস তৈরি করে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়। নওদাপাড়া গ্রামবাসী সূত্রে জানা গেছে নওদাপাড়া দারিয়াপুর এর মাঝামাঝি স্থানে ভৈরব নদের বুকে বাঁশ দিয়ে ফরাস তৈরি করতে বছরে দুইবার প্রায় লক্ষাধিক টাকা খরচ করে থাকে।
তারপরও সেখান ঝুঁকি বহন করে চলাচল করতে হয়। পাশাপাশি অন্যান্য যান চলাচল করার ক্ষেত্রে নওদাপাড়া থেকে মোনাখালী হয়ে দারিয়াপুর আসতে হয় । এতে সময় এর পাশাপাশি অতিরিক্ত খরচ করতে হয় এলাকাবাসীকে। এলাকাবাসীর জোর দাবি ভৈরব নদের উপর ব্রিজ নির্মাণ করে এলাকাবাসীর যাতায়াতের ক্ষেত্রে কষ্ট লাঘব করা।