মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৩ জানুয়ারি:
মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল বাড়ির লোকজনের চিৎকারে মাত্র ২ টি মোবাইল নিয়ে পালিয়ে যাওয়ার সময় গণপ্রতিরোধের মুখে পড়ে। গ্রামের লোকজন পিছু নিলে ডাকাতদল তাদের লক্ষ্য করে একটি বোমা নিক্ষেপ করে। বোমাটি বিকট শব্দে বিস্ফোরিত হলেও কেউ হতাহত হয়নি।
আজ রাত সোয়া ৯ টার দিকে একটি সশস্ত্র ডাকাত দল ডাকাতির উদ্যেশে মহাজনপুর গ্রামে ঢুকে। ডাকাত দলের সদস্যরা গ্রামের হ্যাবল মিয়ার ছেলে একরামের বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করার চেষ্টা করলে বাড়ির লোকজন চিৎকার শুরু করলে গ্রামবাসীরা ছুটে আসে। এসময় ডাকাত দল লুট করা মালামাল ফেলে রেখে ২ টি মোবাইল নিয়ে পালানোর চেষ্টা করতে গেলে প্রতিরোধের মুখে পড়ে। ডাকাত দলকে গ্রামবাসীরা তাড়া করলে তারা তাদের লক্ষ্য করে একটি বোমা ছুঁড়ে মারে।
মুজিবনগর থানার ওসি সিজানুর রহমান মোবাইল ফোনে মেহেরপুর নিউজকে ডাকাতির ঘটনা অস্বীকার করে বলেন,এখানে কোন ডাকাতির ঘটনা ঘটেনি। তবে বিকট শব্দ শুনে পুলিশ সদস্যদের নিয়ে মহাজনপুরে ছুটে এসেছি। ঘটনাস্থলে বোমার কোন আলামত পাওয়া যায়নি।