মেহেরপুর নিউজ:
মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের কসবা গ্রামের এক প্রবাসী যুবক মালয়েশিয়ায় কর্মরত অবস্থায় মারা গেছেন। তার নাম নাজমুল হক ময়নাল (৩৫)। তিনি ওই গ্রামের স্কুলপাড়ার বাসিন্দা জয়নাল আলীর ছেলে। এলাকায় তিনি ময়নাল নামেই বেশি পরিচিত ছিলেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা গেছে, পরিবারের আর্থিক অবস্থার উন্নতির আশায় প্রায় তিন বছর আগে জীবিকার সন্ধানে মালয়েশিয়ায় পাড়ি জমান নাজমুল হক ময়নাল। সেখানে কঠোর পরিশ্রম করে পরিবারকে স্বচ্ছল করার স্বপ্ন দেখছিলেন তিনি। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না।
প্রবাসে থাকা অবস্থায় গতকাল রাত আনুমানিক ১১টার দিকে হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নাজমুল হক দুই কন্যা সন্তানের জনক। তার আকস্মিক মৃত্যুতে স্ত্রী, সন্তান ও পরিবারের সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা এই শোক মেনে নিতে পারছেন না।
এদিকে তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে কসবা গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা জানান, পরিবারের ভাগ্যের চাকা ঘোরাতে বিদেশে পাড়ি জমানো নাজমুল শেষ পর্যন্ত লাশ হয়ে দেশে ফিরছেন—এ ঘটনা সবাইকে মর্মাহত করেছে।
বর্তমানে তার মরদেহ কবে দেশে ফিরবে তা নিয়ে পরিবার ও এলাকাবাসীর মধ্যে অনিশ্চয়তা বিরাজ করছে। পরিবারের সদস্যরা দ্রুত নাজমুল হকের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।