মেহেরপুর নিউজ:
পবিত্র মাহে রমজান উপলক্ষে মেহেরপুর জেলা ও পৌর ইমাম পরিষদের উদ্যোগে এবং মেহেরপুর নিউজের সহযোগিতায় “মাহে রমজানের ডাক” শীর্ষক কুরআন-সুন্নাহভিত্তিক ধারাবাহিক আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের থানাপাড়া মসজিদে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
“মাহে রমজানে কোরআন তেলাওয়াতের ফজিলত ও গুরুত্ব” শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন মেহেরপুর দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা হাসানুজ্জামান। তিনি বলেন, রমজান মাস কুরআন নাজিলের মাস। এ মাসে কুরআন তেলাওয়াত, অধ্যয়ন ও অনুশীলনের মাধ্যমে ব্যক্তি ও সমাজ জীবনে তাকওয়া অর্জন সম্ভব। তিনি উপস্থিত মুসল্লিদের বেশি বেশি কুরআন তেলাওয়াত ও আমলের আহ্বান জানান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জিহাদ ইসলাম। এছাড়া ইসলামী সংগীত (গজল) পরিবেশন করেন রাফিউল ইসলাম।
অনুষ্ঠানে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।