মেহেরপুর নিউজ:
ছেলে রাসেলের আত্মহত্যার ১দিন পর আত্মহত্যা করেছে মা বসিরা খাতুন। হৃদয়বিদারক এ ঘটনাটি ঘটেছে মেহেরপুরের মুজিবনগর উপজেলার ভবেরপাড়া গ্রামে।
বৃহস্পতিবার ভোরের দিকে বসিরা খাতুন তার বাড়ির পাশে একটি আম গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। বসিরা খাতুন ভবেরপাড়া গ্রামের রমজান আলীর স্ত্রী। জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে এক সপ্তাহ পূর্বে বাসীরা খাতুনের ছেলের রাসেল ঘাস মারা বিষ পান করে। তাকে মুমূর্ষ অবস্থায় মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহীতে রেফার করেন। রাজশাহীতে তার অবস্থার উন্নতি না হওয়ায় গতকাল বুধবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়। হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে রাসেলের মৃত্যু হয়।
এদিকে সন্তানের মৃত্যুর শোক কাটতে না কাটতেই রাসেলের মা বসিরা খাতুন বৃহস্পতিবার ভোরের দিকে বাড়ির পাশে একটি আম গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। সকালে বসিরা খাতুনের মরদেহ ঝুলতে দেখে সেখানে শত শত মানুষ ভিড় জামাই। অনেককে আহাজারি করতে দেখা যায়। খবর পেয়ে মুজিবনগর থানার ওসি মেহেদি রাসেল ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন।