মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২২ নভেম্বর:
ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে আসার সময় ভারতীয় দূবৃত্তদের হামলায় নিহত শফিকুলের লাশ পতাকা বৈঠকের ২৮ ঘন্টা পর ফেরৎ দিয়েছে বিএসএফ।
আজ শুক্রবার দুপুর আড়াইটার দিকে মেহেরপুরের কাথুলী সীমান্তের ১৩৩ মেইন পিলার/ ৩এস সাব পিলারের নিকট তার লাশ ফেরৎ দেয় ভারতের মুরুটিয়া থানাধীন টেনপুর ক্যাম্পের কমান্ডার মাহিন্দ্র ঘোষের নেতৃত্বে একদল বিএসএফ সদস্য। এ সময় কাথুলী কোম্পনী কমান্ডার সুবেদার ফজলুল হকের নেতৃত্বে বিজিবির একটি দল তার লাশ গ্রহন করেন। বিজিবি লাশ গ্রহন করার পর মেহেরপুর সদর থানা পুলিশের এস আই দুলুর কাছে হস্তান্তর করেন। এস আই দুলু লাশ গ্রহন করে মেহেরপুর সদর থানায় নিয়ে আসে। মেহেরপুর মর্গে আরেক দফা পোষ্টমের্টম শেষে তার পিতার কাছে লাশ হস্তান্তর করবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা ।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কাথুলী কোম্পানি কমান্ডার সুবেদার ফজলুল হক বৃহস্পতিবার সন্ধ্যায় মেহেরপুর নিউজকে জানান,পোষ্ট মর্টেম না হওয়ায় লাশ বৃহস্পতিবারে ফেরৎ দেয়নি বিএসএফ। আজ শুক্রবার দিনের যে কোনো সময় লাশ ফেরৎ দিবে বলে তিনি জানিয়েছিলেন।
এদিকে,তার লাশ ফেরৎ আনার লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার সময় ১৩৩ মেইন পিলার/ ৩এস সাব পিলারের নিকট ৩২ ব্যাটালিয়ন মেহেরপুরের কাথুলী কোম্পানী কমান্ডার সুবেদার ফজলুল হকের নেৃতৃত্বে বিজিবি’র ৬ সদস্যর একটি দলে এবং ভারতের টেনপুর ক্যাম্প কমান্ডার মাহিন্দ্র ঘোষের নেতৃত্বে ৬ সদস্যর বিএসএফ দল পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে দিনের যেকোনো সময় আইনী প্রক্রিয়া শেষে লাশ ফেরৎ দেবার কথা ছিলো। কিন্তু পোষ্ট মর্টেম না হওয়ায় বৃহস্পতিবার লাশ ফেরৎ দেয়নি বিএসএফ।
মেহেরপুর সদর থানার ওসি (তদন্ত) তরিকুল ইসলাম মেহেরপুর নিউজকে জানান,নিহত শফিকুলের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় অপহরন ,চাঁদাবাজিসহ ৪টি মামলা রয়েছে।
উল্লেখ্য, মেহেরপুর সদর উপজেলার ষোলমারী গ্রামের বাবুর ছেলে শফিকুল ৭ মাস আগে ভারতে পালিয়ে যায়।বুধবার রাতে সে ভারতের নদিয়া জেলার মুরুটিয়া থানার টেনপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে আসার সময় দুবৃত্তরা তার গতিরোধ করে তাকে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে।খবর পেয়ে মুরুটিয়া থানা পুলিশের সদস্যরা লাশ উদ্ধার করেশনাক্তের জন্য থানায় রাখে। অবশেষে শনাক্ত না হওয়ায় মৃতহে একটি ছবি তুলে সেটি মেহেরপুরের কাথুলী সীমান্ত ক্যাম্পে পৌছালে লাশে সন্ধান মিলে।