ডিএম মুকিদ,মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০১ সেপ্টেম্বর:
যাত্রী পরিবহনের অপরাধে মেহেরপুর শহরের কোর্ট মোড়ে আনারুল নামের এক ইজিবাইক চালককে মারপিট করেছে মটর শ্রমিকের লোকজন। ইজিবাইক উল্টে ফেলায় আহত হয়েছে ইজিবাইকে থাকা দু’ শিশু সহ ৩ যাত্রী । আহতরা হলেন,বামন পাড়ার দয়ালের স্ত্রী শিল্পী,শিশু কন্যা সাথী(০৪) এবং শিশু সাথী(৬-৭ মাস)। সকালে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনার প্রতিবাদে মেহেরপুর জেলা ইজিবাইক চালক সমিতির লোকজনেরা শহরের চুলকানির মোড়ে সড়কে ইজিবাইক আড়াআড়ি করে দিয়ে সড়ক অবরোধ করে রাখে। পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনাকে কেন্দ্র করে শহরে আবার চাঁপা উত্তেজনা দেখা দেয়।
মেহেরপুর সদর থানার ওসি মতিয়ার রহমান জানান,পরিস্থিতি নিয়ন্ত্রনে নেওয়ার চেষ্টা চলছে। সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আজ সোমবার সকাল ১০ টার দিকে আনারুল নামের এক ইজিবাইক চালক বামনপাড়ার মোড় থেকে হাসপাতালগামী যাত্রী নিয়ে কোর্ট মোড়ে পৌছালে দায়িত্বরত মটর শ্রমিকের লোকজনের রোষানলে পড়ে। যাত্রী তোলাকে কেন্দ্র করে উভয়ের মধ্য বির্তকের এক পর্যায়ে শ্রমিকরা ইজিবাইক চালককে মারপিট করে এবং ইজিবাইকটি রাস্তার ওপরে উল্টে ফেলে দেয়।