মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৬ আগস্ট:
মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তি কাজীপুর গ্রামের নিজ ঘরের আড়া থেকে খুশিয়ারা (৪০) নামের এক গৃহবধু’র ঝুলন্ত লাশ উদ্ধার করেছে গাংনী থানা পুলিশ। নিহত খুশিয়ারা খাতুনের ২ ছেলে ও ১ মেয়ে রয়েছে। পুলিশ লাশ ময়না তদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে গাংনী থানায় একটি মামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ ব্যাপারে কাউকে পুলিশ আটক করতে না পারলেও লাশ উদ্ধারের পর থেকে নিহতের স্বামী সহ ওই পরিবারের সকলেই পলাতক রয়েছে। আজ বৃহস্পতিবার সকালে নিজ ঘরের আড়া থেকে গৃহবধু খুশিয়ারা খাতুন (৪০) এর ঝূলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত গৃহবধুর পিতা আজিজুল হক জানান, প্রায় ১৫ বছর আগে কাজীপুর নিমপাড়ার শহিদুলের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকেই শহিদুল আমার মেয়ের উপর বিভিন্ন বিষয়ে নিয়ে নির্যাতন করে আসছিল। সামনে ঈদকে কেন্দ্র করে আমার মেয়ে তার স্বামী শহিদুলের কাছে একটি শাড়ী চাওয়ায় উভয়ের মধ্যে বাকবিতন্ডা হয়। এ জের ধরে সে আমার মেয়েকে হত্যা করেছে। আমি এর উপযুক্ত বিচার চাই।
গাংনী থানার অফিসার ইনচার্জ বিমলকৃষ্ণ মল্লিক জানান, নিহত গৃহবধুর লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্ত না হওয়া পর্যন্ত কোন কিছু বলা সম্ভব হচ্ছেনা। তাকে হত্যা করা হয়েছে নাকি পারিবারিক কলহের জের ধরে সে আত্ম হত্যা করেছে এটা এখনি বলা সম্ভব হচ্ছেনা।