মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৭ মার্চ:
মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তি তেঁতুলবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে একটি ওয়ান স্যুটারগানসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬ গাংনী ক্যাম্পের সদস্যরা।
আটককৃতরা হলেন,গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের মুকুল বিশ্বাসের ছেলে সেলিম বিশ্বাস (২৫) ও নান্নু শেখের ছেলে ফিরোজ (২৪)।
র্যাব কমান্ডার লেঃ সাজ্জাদ রায়হান জানান,আটককৃতরা উঠতি বয়সি অস্ত্র ব্যবসায়ী। সীমান্ত পথে ভারত থেকে বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র,বোমা তৈরির গান পাউডার সহ নানা ধরনের ভারতীয় মালামাল এনে দেশের বিভিন্ন এলাকায় পাচার করত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা বিভিন্ন ধরনের তথ্য দিয়েছে।
সোমবার রাত ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ গাংনী ক্যাম্পের কমান্ডার লেঃ সাজ্জাদ রায়হানের নেতৃত্বে র্যাব সদস্যরা গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামে অভিযান চালায়। র্যাব সদস্যরা তেঁতুলবাড়িয়া লক্ষিণারায়নপুর ধলা’র মাঠের মধ্যে ক্রেতা সেজে অস্ত্র কেনা বেচার সময় অস্ত্রসহ দু’অস্ত্র ব্যবসায়ীকে হাতেনাতে আটক করে।