মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৭ এপ্রিল:
আজ রোববার অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় নকল সরবরাহের অপরাধে মেহেরপুর গাংনী উপজেলার বামুন্দি নিশিপুর স্কুল অ্যান্ড কলেজের অফিস সহকারী মাসুদুর রহমানকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫শ টাকা জরিমানা অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বরখাস্ত করা হয়েছে অধ্যক্ষ ও কেন্দ্র সচিবকে। তাদের পরিবর্তে গাংনী সহকারী কমিশনার (ভূমি) এমরান হোসেনকে কেন্দ্র সচিব ও গাংনী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মগরেব আলীকে সহকারী কেন্দ্র সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। কারাদন্ডাদেশ প্রাপ্ত অফিস সহকারী মাসুদুর রহমানকে রোববার দুপুরে মেহেরপুর কারাগারে পাঠানো হয়েছে।
গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট আব্দুস সালাম এ সাজা দেন।
ভ্রাম্যমান আদালতের দায়িত্বরত ম্যাজিস্ট্রেট আব্দুস সালাম জানান, আজ রোববার ইংরেজী প্রথম পত্র পরীক্ষা চলাকালে পরীক্ষার্থীদেরকে নকল সরবরাহের সময় মাসুদুর রহমানকে আটক করেন কেন্দ্রের দায়িত্বরত ম্যাজিস্ট্রেট ইমরান হোসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাৎক্ষনিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫শ টাকা জরিমানা অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ডের নির্দেশ দেন।
পাবলিক পরীক্ষা আইন অনুযায়ী এ আদেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আব্দুস সালাম।