তোফায়েল হোসেন,গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীতে বাসের ধাক্কায় হপার চালকসহ দুইজন আহত হয়েছে। সোমবার সকাল সোয়া ৮টার দিকে শেষের পাড়ার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন: জয়পুরহাটের হাসিনুর রহমানের ছেলে সুমন (২৫), একই এলাকার আসলাম আলীর ছেলে নাঈম (১৯) এবং মেহেরপুরের গাংনী উপজেলার বাঁশবাড়িয়া কলোনি পাড়া ফিরতাজ আলীর ছেলে আব্দুল্লাহ (৩৫)। আহত ভ্যান চালক আব্দুল্লাহ জানায়, সে দুই জন যাত্রী নিয়ে বাঁশবাড়িয়া থেকে গাংনীর উদ্দেশ্যে আসছিল। তার পিছনে একটি হপার গাড়িও গাংনীর দিকে আসছিল। তারা দুজনে শেষের পাড়া মোড় এলাকায় পৌঁছুলে মেহেরপুর থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি দ্রুতগামী বাস হপারের পিছনে ধাক্কা দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। বাসের ধাক্কায় হপার চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ভ্যানের সাথে ধাক্কা দেয়।এতে করে হপার চালক সুমন, হেলপার নাঈম ও ভ্যান চালক আব্দুল্লাহ মারাত্মকভাবে আহত হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসা দেন। তবে ভ্যানে থাকা যাত্রীদের কোন ক্ষয়ক্ষতি হয়নি। হপার হেলপার নাইমের অবস্থা আশঙ্কাজনক বিবেচিত হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুর রহমান জানান, দুর্ঘটনার সংবাদ পেয়েছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।