তোফায়েল হোসেন,গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে মাথাভাঙ্গা নদী। অতিবৃষ্টিতে নদীর পানি বৃদ্ধির ফলে মাথাভাঙ্গা নদীর কোল ঘেঁষে ভাঙ্গন শুরু হয়েছে। শুরু হয়েছে জনগণের চরম দুর্ভোগ। ওই সকল এলাকার জনগণের দাবির প্রেক্ষিতে মঙ্গলবার সকাল ১০ টা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত সরজমিনে গিয়ে পরিদর্শন করেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন।
এ কার্যক্রমের অংশ হিসেবে তিনি নদীগর্ভে তলিয়ে যাওয়া ভোলাডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর ও ভোলাডাঙ্গা থেকে নওদাপাড়া মাথাভাঙ্গা নদীর উপর দিয়ে একটি ব্রিজ তৈরির আশ্বাস দেন। স্থানীয় হেদায়েত আলীর ছেলে আজাদ জানান, ব্রিজটি তৈরি হলে এলাকার জনগণ তাদের উৎপাদিত কৃষি পণ্য বাজারজাত করে ন্যায্য মূল্য পাবে এবং এলাকার মানুষের দুর্ভোগ লাঘব হবে।
একই কথা জানালেন সিফাত আলীর ছেলে আইয়ুব আলী। পরে তিনি ধারাবাহিকভাবে উপজেলার রাজাপুর থেকে খলিসাকুন্ডি, হোগলবাড়িয়া মালিথা পাড়া থেকে খলিসাকুন্ডি উদয়নগর, চরগোয়াল গ্রাম থেকে পারগোয়ালগ্রাম ও বেতবাড়িয়া থেকে শেহালা গ্রামের মাথাভাঙ্গা নদীর উপর দিয়ে একটি করে ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দেন। ব্রিজ গুলো তৈরি হলে ভুক্তভোগী এলাকার লোকজন অনেক সুবিধা পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। এ সময় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাস্টার, উপজেলা আওয়ামী লীগের সদস্য আখতারুজ্জামান বাবু, মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল আহমেদ, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ কে এম শফিকুল আলম, গাংনী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নবীরউদ্দিন, আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান আতু, বামন্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান কমল, যুবলীগ সহ-সভাপতি আল ফারুকসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।