তোফায়েল হোসেন,গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীতে সড়ক দুর্ঘটনায় সামিয়া নামের আড়াই বছরের একটি শিশু নিহত হয়েছে। রোববার দুপুর সাড়ে ১২ টার দিকে ভাটপাড়া (কুঠি) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিশু সামিয়া ভাটপাড়া (কুঠি) গ্রামের ভ্যান চালক হোসেন আলীর মেয়ে।
শিশুটির মা নাদেরা খাতুন জানায় সে পানি ভর্তি কলস ও শিশু সামিয়াকে সাথে নিয়ে পাকা সড়কের পাশ দিয়ে বাড়ি ফিরছিল। এসময় বালিভর্তি একটি ট্রলি গাংনী থেকে নওয়াপাড়ার দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে শিশুটিকে ধাক্কা দেয়।
ট্রলির ধাক্কাতে মাথার পেছনে লেগে শিশুটি গুরুতর আহত হয়। শিশুর মা নাদেরা খাতুন শিশুটিকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
একটু দেরিতে হলেও বাচ্চাটির জন্য অক্সিজেনের ব্যবস্থা ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
উপজেলার চৌগাছা গ্রামের শহিদুল ইসলামের ছেলে ট্রলিচালক কুতুবুদ্দিন জানায়, ট্রলিতে করে বালি নিয়ে সে মাইলমারী গ্রামের আকবর আলীর ছেলে শাহিনের বাড়িতে যাচ্ছিল। জেলা প্রশাসক ইকো পার্কের (ভাটপাড়া কুঠি) এলাকায় পৌঁছলে দুর্ভাগ্যবশত এ দুর্ঘটনাটি ঘটে যায়।গাংনী হাসপাতালের অ্যাম্বুলেন্সটি অকেজো থাকায় অন্য অ্যাম্বুলেন্স জোগাড় করার আগেই চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় শিশু নিহতের সংবাদ পেয়েছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।