গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীতে সম্ভাবনাময় সমবায় সমিতির অংশগ্রহণে একদিনের ভ্রাম্যমান প্রশিক্ষণ (রাজস্ব) কোর্স অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টার সময় উপজেলার মড়কা বাজার এলাকায় নাগদার খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ এর নিজস্ব কার্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় সমিতির আয়োজনে এলাকার ৬টি সমবায় লিঃ এর মোট ২৫জন সমবায়ী সদস্য এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে উপজেলা সমবায় কর্মকর্তা মাহবুবুল হক’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বর্তমান সরকারের উন্নয়নে বিভিন্ন কার্যক্রমের চিত্র, সামাজিক অবক্ষয় ও ব্যাধি এবং বর্তমান শিক্ষার্থীদের উপদেশমূলক বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন।
বক্তব্য শেষে তিনি নাগদার খাল সমবায় সমিতি লিঃ এর অর্থায়নে ৫০ জন হতদরিদ্র ও অসহায় প্রতিবন্ধি ব্যক্তিদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রবিউল ইসলাম, রাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম সাকলায়েন সেঁপু। প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ প্রদান করেন জেলা সমবায় কার্যালয়ের প্রশিক্ষক ও কোর্স পরিচালক নুরুজ্জামান, সহকারী প্রশিক্ষক ও সহকারী কোর্স পরিচালক রোকনুজ্জামান তুষার, গাংনী উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক রুহুল কুদ্দুস ও হাফিজুর রহমান।
এ সময় স্থানীয়দের মধ্য থেকে বক্তব্য রাখেন নাগদার খাল ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ এর সভাপতি আব্দাল হক, চাঁদপুর সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ এর সভাপতি আবুল কাশেম, উপজেলা প্রতিবন্ধি উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর সভাপতি আকলিমা খাতুন প্রমুখ।