মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৭ সেপ্টেম্বর:
মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও বামুন্দীর যুবলীগনেতা মহির হত্যা মামলার এজাহারভূক্ত ২ নং আসামি হাজী আব্দুল আলীম ও এক বছরের সাজাপ্রাপ্ত আসামী যুবদল নেতা মকবুল হোসেন মেঘলাকে করে কুষ্টিয়া সদর থানা ও মেহেরপুরের গাংনী থানা পুলিশ। এছাড়াও অন্যান্য মামলায় আরোও ৩ জনকে আটক করেছে গাংনী থানা পুলিশ।
বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে বিএনপি নেতা আব্দুল আলীমকে কুষ্টিয়া সদর থানা পুলিশ আটক করে গাংনী থানা পুলিশকে সোপর্দ করেন। একই দিন সন্ধ্যায় গাংনী থানা পুলিশ গাংনী বাজারে অভিযান চালিয়ে যুবদল নেতা মকবুল হোসেন মেঘলাকে আটক করে।
গাংনী থানা পুলিশের ওসি বিমলকৃষ্ণ মল্লিক জানান, আটক বিএনপি নেতা আব্দুল আলীম সাম্প্রতিক সময়ে সন্ত্রাসীদের হাতে নিহত বামুন্দী ইউনিয়ন যুবলীগের মহির হত্যা মামলার এজাহারভূক্ত ২ নং আসামি।তিনি আরও জানান, আব্দুল আলীম যুবলীগ নেতা মহির হত্যার পর থেকেই পলাতক ছিলেন।
গাংনী থানা পুলিশের উপপরিদর্শক সেরাজ মোস্তফা জানান, মকবুল হোসেন মেঘলা কে আদালত একটি মামলায় ১ বছরের জেল ও ৪ লাখ টাকা জরিমানা করেছেন। এছাড়া অপর একটি মামলায় তার নামে ওয়ারেন্ট রয়েছে।
মেহেরপুর জেলা বিএনপি’র সভাপতি ও মেহেরপুর -২ আসনের সংসদ সদস্য আমজাদ হোসেন মেহেরপুর নিউজকে বলেন, মহির কে বা কারা হত্যা করলেও আওয়ামী লীগের ক্যাডাররা স্থানীয় বিএনপি নেতা কর্মির বাড়িতে হামলা লুটপাট, অগ্নিসংযোগ করে এক ত্রাসের রাজত্ব কায়েম করেছে। আব্দুল আলীমের ওপর এর আগে বোমা হামলা করে হত্যার চেষ্টাও করেছে ক্ষমতাশীন দলের লোকজন। তাকে হত্যা করতে না পেরে মিথ্যা মামলা হামলা করে বিএনপি নেতা আব্দুল আলীমকে হয়রানি করছে।