গাংনী প্রতিনিধি:
মেহেরপুরের গাংনীতে মোটর সাইকেল থেকে পড়ে সড়ক দুর্ঘটনায় রনক ও তুর্য নামের দুইজন স্কুল ছাত্র মারাত্মকভাবে আহত হয়েছে। রোববার দুপুরে গাংনী ঈদগাহপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত তুর্য গাংনী হাসপাতাল পাড়ার আবুল হাশেমের ছেলে এবং গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেণীর ছাত্র। রনক একই এলাকার রবিউল ইসলামের ছেলে এবং প্রি-ক্যাডেট স্কুলের ৯ শ্রেণীর ছাত্র।
ঘটনাসূত্রে জানাগেছে, তুর্য ও রনক মোটর সাইকেলে যোগে গাংনী বাজার থেকে ঈদগাহ পাড়ার দিকে দ্রুত গতিতে যাওয়ার সময় মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাকা রাস্তায় ছিঁটকে পড়ে মারাত্মকভাবে আহত হয়। পথচারীরা তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দেয়। তবে তুর্যের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।