মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৭ মে:
মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর গ্রামে ২৪ ঘন্টার ব্যবধানে ভাইয়ের হাতে ভাই ও ছেলের হাতে মা খুনের ঘটনা ঘটেছে। মাত্র ৩ টাকার জন্য ছোট ভাই তার বড় ভাইকে পিটিয়ে হত্যা করেছে।
অপরদিকে বউ পেটাতে বারন করায় ছেলের লাঠির আঘাতে নিহত হয়েছেন মা। গাংনী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দু’টি লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন।
গাংনী থানার ওসি আলমগীর হোসেন জানান, আজ সোমবার দুপুর আড়াইটার দিকে কাজিপুর কাছারীপাড়ার দিদার মন্ডলের ছেলে রফিকুল ইসলাম পারিবারিক কলহের জের ধরে স্ত্রী রেনুফাকে পেটাতে থাকে। রেনুফার চিৎকারে শাশুড়ি জবেদা খাতুন(৭৫) এগিয়ে এসে পেটাতে বারণ করায় ছেলে রফিকুল রাগান্বিত হয়ে মা জবেদা খাতুনের মাথায় লাঠি দিয়ে আঘাত করলে সাথে সাথেই তার মৃত্যু হয়।
অন্যদিকে রোববার রাত পৌনে নয়টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর গ্রামের হঠাত পাড়ায় কাজিমুদ্দীন কাজু তার ছোট ভাই নাজিম উদ্দীনের চায়ের দোকানে একটি পান খান। পানের দাম ৩ টাকা পরিশোধ করতে না পারায় শুরু হয় বাক বিতন্ডা। এক পর্যায়ে নাজিম উদ্দিন ও তার জামাতা শরিফুল ইসলাম বৃদ্ধ কাজিমুদ্দিনকে লাঠি দিয়ে পেটাতে থাকে। মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান বৃদ্ধা কাজিমুদ্দীন কাজু।
পুলিশ লাশ উদ্ধার করে মেহেরপুর মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় পৃথক পৃথক দুটি মামলা হয়েছে।