তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীর সাহারবাটি বাজারে দোকানের তালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর ১ টা থেকে বিকাল ৩ টার মধ্যে চুরির ঘটনাটি ঘটেছে বলে দাবি দোকান মালিক বাবলু হোসেনের।
বাবলু হোসেন সাহারবাটি বাজারের রানা সু-স্টোরের স্বত্বাধিকারী এবং ওই গ্রামের উত্তরপাড়ার আব্দুল গফুরের ছেলে এবং জাতীয় পার্টি (জাপা) এর উপজেলা সভাপতি।
দোকান মালিক বাবলু হোসেন জানান, তিনি তার দোকান তালা দিয়ে দুপুর ১ টার সময় বাড়িতে যান এবং বিকাল ৩ টার সময় ফিরে আসেন। এসে তিনি সাটারের তালা ভাঙ্গা দেখতে পান। দোকানের ভিতর ঢুকে টেবিলের ২টা ড্রয়ারও ভাঙা দেখতে পান। এ ঘটনায় দোকান মালিক বাবলু হোসেনের নগদ দুই লক্ষ ১০ হাজার টাকা এবং একটি মোবাইল চুরি হয়েছে বলে দাবি করেন।
তিনি আরো জানান তার এ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বিকাশ, রকেট, শিওর ক্যাশ এর লেনদেন এবং বিদ্যুৎ বিল গ্রহণসহ জুতা সেন্ডেল, স্কুল ব্যাগ, ছাতা ইত্যাদি বেচাকেনা করা হয়।
চুরির ঘটনাটি বাবলু হোসেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানান। গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ওবায়দুর রহমান জানান চুরির ঘটনার সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনা উদঘাটনের চেষ্টায় পুলিশ মাঠে রয়েছে।