এসআই বাবু, বারাদী প্রতিনিধিঃ
তীব্র গরমের প্রচন্ড তাপদাহে অতিষ্ঠ জনজীবন। এ গরম নিবারণে একটু প্রশান্তির পরশ পেতে সাধারণ মানুষ খাচ্ছেন তালের শাঁস। ফলে গত কয়েকদিনের গরমে পড়েছে তালের শাঁস বিক্রির হিড়িক । বারাদী বাজারের বিভিন্ন জায়গায় তালের শাঁস বিক্রি করছেন বিক্রেতারা। পথচারীরা গরম নিবারণ করার জন্য রাস্তার ধারেই মনের আনন্দে খাচ্ছেন তালের শাঁস। অনেকেই আবার পরিবারের জন্যে কিনে নিয়ে যাচ্ছেন তালের শাঁস । মঙ্গলবার সকাল বারাদীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে এমন চিত্র।
বারাদী ক্যাম্প বাজারে তালের শাঁস ক্রেতা আবদুল্লাহ মাষ্টার বলেন, “গরমের যে হাল, তাইতো খাচ্ছি তাল”। গরমে একটু প্রশান্তি পেতে তালের শাঁস খাচ্ছি । বাড়িতেও সবার জন্য নিয়ে যাচ্ছি। তাছাড়া মৌসুমী রসালো ফল হিসেবে তাল শাঁসের জুড়ি মেলা ভার। গরমে তালের শাঁস খেতে বেশ ভাল লাগে ।
’ ক্রেতা হুমায়ুন বলেন, তীব্র গরমে বন্ধুদের নিয়ে মজা করেই তালের শাঁস খাচ্ছি। বেশ ভালই লাগছে। তাল শাঁস ক্রেতা আরজিনা বলেন, ‘মেয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছি। নাতি-নাতনিদের জন্য বাইরের ভাজা পোঁড়া না নিয়ে তালের শাঁস নিয়ে যাচ্ছি। এতে গরমে কিছুটা ভালো লাগবে।
বিক্রেতা জাহিদুল বলেন, গত কয়েকদিন আগে তাল বেশি টাকা দামে কেনা থাকায় প্রতি পিচ তাল ২০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকায় সকলেই স্বতঃস্ফুর্ত ভাবে তালশাঁস কিনছেন। তাতে তালশাঁস ভালই বিক্রি হচ্ছে ।