এসআই বাবু, বারাদী:
মেহেরপুর সদর উপজেলার রাজনগরে বিদ্যুৎ কেড়ে নিল তরিকুল ইসলাম (৩০) নামের এক বৈদ্যুতিক মিস্ত্রির প্রান। নিহত তরিকুল ইসলাম রাজনগর গ্রামের মোল্লাপাড়ার লিয়াকত আলীর মেজো ছেলে। সে পেশায় একজন ইলেকট্রিশিয়ান।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে নিজ বাড়ীর আঙিনায় বিদ্যুতায়িত হয়ে তরিকুলের মৃত্যু হয়। নিহতের স্বজনরা জানায়, সকালের দিকে গোয়াল থেকে তাদের এঁড়ে গরুটি খুলে গিয়ে বাড়ীর পাশে শিমের মাচায় লতাপাতা খেতে থাকে। মাচার উপর দিয়ে বয়ে গেছে বিদ্যুতের পার্শ্ব সংযোগ। লতাপাতা খেতে খেতে গরুটি বৈদ্যুতিক তার চিবিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছটফট শুরু করে। এসময় তরিকুল কিছু না বুঝেই গরুটি ধরতে গেলে তৎক্ষনাত সে বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। প্রতিবেশীদের সহযোগিতায় আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্হানীয় ডাক্তারের কাছে নিলে তিনি হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে ২৫০ শয্যা মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে বারাদী পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই রেজাউল করিম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্হল পরিদর্শন করে। অপরদিকে আহত গরু টিকে প্রতিবেশীরা জবেহ করতে সক্ষম হয়। নিহত তরিকুল ইসলামের তোয়ামনি (৫) ও আশামনি (৩) নামের দুটি কন্যা সন্তান রয়েছে। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।