মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৪ নভেম্বর:
১৮ দলীয় জোটের ডাকা টানা ৬০ ঘন্টা হরতালের ১ম দিনের শুরুতে মেহেরপুর সদর উপজেলার রাজনগর ও গাংনী উপজেলার পোড়াপাড়ায় বিক্ষোভ,সড়ক অবরোধ,ককটেল বিষ্ফোরনের মধ্য দিয়ে হরতাল পালন কর্মসূচী শুরু করেছে হরতাল সমর্থনকারীরা।
জানা গেছে,আজ সোমবার ভোর থেকে মেহেরপুর সদর উপজেলার মেহেরপুর-চুয়াডাংগা সড়কের রাজনগরে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে হরতাল সমর্থনকারীরা। এ সময় তারা ২০/২৫ টি ককেটেলের বিষ্ফোরন ঘটায় এবং দেশীয় অস্ত্রের মহড়া দেয়। তবে এ ঘটনায় কোন হতাহতের সংবাদ পাওয়া যায়নি।
এছাড়াও একই স্থানে মহিলা জামায়াতের একটি দল হরতালের সমর্থনে লাঠি মিছিল করেছে। দিনদত্ত ব্রীজের নিকট পুলিশের একটি দল অবস্থান নেয়ায় হরতাল সমর্থনকারীরা সেখানে বিক্ষোভ করতে পারেনি বলে জানা গছে।
অপরদিকে মেহেরপুর -কুষ্টিয়া সড়কের পোড়াপাড়া নামক স্থানেও সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে হরতাল সমর্থনকারীর।
এদিকে হরতালের কারনে মেহেরপুর বাসস্ট্যান্ড থেকে দুরপাল্লা বা আভ্যন্তরিন রুটে কোনো যানবাহন ছেড়ে যায়নি। ছেড়ে যায়নি কাঁচামাল বাহী ট্রাক । এছাড়া হরতালে যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে প্রস্তুত রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জেলার বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য,নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের দাবিতে শনিবার দুপুরে আজ সোমবার সকাল ৬টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ৬০ ঘন্টা হরতালের ডাক দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলাম।