মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১১ নভেম্বর:
১৮ দলীয় জোটের ডাকা টানা ৮৪ ঘন্টা হরতালের ২য় দিনের শুরুতেই মেহেরপুরের বিভিন্ন স্থানে সড়কে টায়ার জ্বালিয়ে ও ইট ফেলে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে হরতাল সমর্থনকারীরা। এছাড়াও মহিলা জামায়াতের একটি দল ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিল করেছে।
সদর উপজেলার মেহেরপুর -চুয়াডাঙ্গা সড়কের দিনদত্ব ব্রীজ থেকে রাজনগর ,মেহেরপুর-মুজিবনগর সড়কের বন্দরে এবং মুজিবনগর উপজেলার গৌরিনগরে ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা হাতে দেশীয় অস্ত্র ও লাঠি শোঠা নিয়ে বিক্ষোভে অংশ নেয়।
জানা গেছে, আজ সোমবার ভোর থেকে মেহেরপুর সদর উপজেলার রাজনগর –দিনদত্ত ব্রীজ এলাকায় জামায়াত ইসলামির আঞ্চলিক প্রধান আব্দুল মতিন,সদর উপজেলা শিবিরের পূর্ব সভাপতি আব্দুর রহিম ও জামায়াত নেতা আব্দুল জব্বারের নেতৃত্বে জামায়াত-শিবিরের নেতা কর্মীরা লাঠি শোঠা নিয়ে সড়কে অবস্থান করে।
এ সময় তারা টায়ারে আগুন জ্বালিয়ে হরতালের সমর্থনে বিভিন্ন শ্লোগানে বিক্ষোভ মিছিল করে। এ সময় পিকেটাররা বেশ কয়েকটি ককটেলের বিষ্ফোরন ঘটায় । তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এদিকে,মেহেরপুর-মুজিবনগর সড়কের বন্দরে জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারী ফারুক হোসেন,সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা রুহুল আমিন,বুড়িপোতা ইউপি চেয়ারম্যান আব্দুর রউফের নেতৃত্বে বিপুল সংখ্যাক নেতাকর্মী সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ মিছিল করে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।
অপরদিকে মুজিবনগর উপজেলার গৌরিনগরে জামায়াতের শিবিরের নেতাকর্মীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে বলেবলে জানা গেছে।



