মেহেরপুর নিউজঃ
মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকায় অটো চোর সন্দেহে জহিরুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। রবিবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।
আটক জহিরুল ইসলাম চুয়াডাঙ্গা জেলার আলোকদিয়া এলাকার আজিজুল ইসলামের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, জহিরুল নামের ওই ব্যক্তি সদর উপজেলার আমঝুপি হাট এলাকা থেকে একটি অটো চুরি করে মেহেরপুর শহরের দিকে পালিয়ে আসে। অটোর মালিক বিষয়টি টের পেয়ে তাদের নিজস্ব লোকজনকে খবর দেন। পরে শহরের বাস টার্মিনাল এলাকায় তাকে ধাওয়া করা হয়। একপর্যায়ে মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকায় এসে স্থানীয় জনগণ তাকে আটক করে।
এ সময় উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। পুলিশ তাকে হেফাজতে নিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করছে বলে জানা গেছে।