মেহেরপুর নিউজঃ
মেহেরপুরে অবৈধভাবে সার পাচারের সময় ৪০ বস্তা সার জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে।
শনিবার দুপুরের দিকে মেহেরপুর-মুজিবনগর সড়কের কোর্ট এলাকায় মোবাইল কোর্ট বসানো হয়। গোপন সূত্রে খবর পেয়ে প্রশাসন জানতে পারে, মেহেরপুর শহরের বড় বাজার এলাকার মেসার্স মোয়াজ্জেম হোসেনের সারের দোকান থেকে মুজিবনগরের কেদারগঞ্জ বাজারের আলিয়াদ সারের দোকানে ৪০ বস্তা সার সরবরাহ করা হচ্ছে।
খবরের ভিত্তিতে কোর্ট এলাকা থেকে একটি ইঞ্জিনচালিত নছিমন আটক করে তল্লাশি চালানো হলে ৪০ বস্তা সার জব্দ করা হয়। পরে ঘটনাস্থলেই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া জাহান ঝুরকা মোবাইল কোর্ট পরিচালনা করেন। সার পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মেসার্স মোয়াজ্জেম হোসেনের প্রোপাইটর মনিরা নাজমার প্রতিনিধি রাশেদুলের নিকট থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জব্দকৃত সার কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে। এ সময় সদর উপজেলা কৃষি অফিসার মোঃ ইমদাদুল হাসান উপস্থিত ছিলেন।