আবু আক্তার,মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৩ মে:
সাভারের রানা প্লাজার ভবন ধসের ঘটনার পরও টনক নড়েনি জেলায় বসবাসকারী কিছু অবুঝ মানুষ ও প্রশাসনের কর্তা ব্যক্তিদের। জেলায় সরকারী বেসরকারী প্রায় অর্ধশত ভবন বসবাসের অযোগ্য ঘোষনার পরও জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছে শত শত মানুষ। ভবনগুলির বিভিন্ন অংশে দেখা দিয়েছে ফাটল।
কর্তৃপক্ষ জেরাজীর্ণ ভবনগুলিকে বসবাসের অযোগ্য ঘোষনা করলেও ভেঙ্গে ফেলার কোন উদ্যোগ নেয়নি অদ্যবধি। ফলে, জীবন মৃত্যুর সন্ধিক্ষনে দাঁড়িয়ে আছে ঝুঁকিপূর্ণ ভবনে বসবাসরত শত শত লোকজন
সাভার ট্রাজেডীর পর পরিত্যাক্ত ফাটল ধরা ভবনে বসবাস নিয়ে মানুষের মধ্যে নতুন করে দেখা দিয়েছে মৃত্যু আতঙ্ক। কিন্তু বিকল্প ব্যাবস্থার অভাবে মৃত্যু ঝুঁকি নিয়েই এই সমস্ত ভবনগুলি ব্যাবহৃত হচ্ছে।
মেহেরপুর জেলা প্রশাসকের পুরানো কার্যালয় ভবন, পুরাতন হাসপাতাল ভবন, যক্ষা হাসপাতাল, পুরাতন সাব রেজিষ্টার ভবন, পুরাতন জেলখানা, সদর উপজেলা কার্যালয় এলাকায় বিভিন্ন অফিসার্স ভবন, সদর পুলিশ ফাঁড়ি, জেলা নির্বাচন অফিস ভবনগুলিতে এখন চরম ঝুঁকি নিয়ে কাজ করছে কর্মকর্তা কর্মচারীরা।
মেহেরপুর গণপূর্ত বিভাগ ও পৌরসভার হিসাবে জেলায় সরকারী ১০-১৫ টি ও বেসরকারী ৩০ থেকে ৩৫টি মত বসবাসের অযোগ্য ভবন রয়েছে।
পুরাতন হসপাতালের পরিত্যাক্ত ভবনে থাকা পুলিশ ফাঁড়ির এক সদস্য বলেন,আমরা বিপদজনক ভেবেও এখানে বসবাস করছি। কারণ আমাদের ফাঁড়ি এখানে। সর্বদা নিরাপত্তা হীনতার মধ্যে রয়েছি। যে কোন সময় মাথার ওপর ভেঙ্গে পড়তে পারে।
মেহেরপুর গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আহসান উল্লাহ বলেন,গণপূর্ত বিভাগ বলছেন শহরের অনেক ভবন আছে যা পরিত্যাক্ত ঘোষনা করা হয়েছে। কিন্তু এখনও ভবনগুলো ভেংগে ফেলা হয়নি। এই সব ভবনে বাস করা খুবই ঝুঁকিপূর্ন।
তিনি আরোও বলেন,সম্প্রতি সময়ে মেহেরপুর শহরে বেশকিছু বহুতল ভবন নির্মান করা হয়েছে। যেগুলো বিল্ডিং কোড না মেনেই। বড় ধরনের কালবৈশাখি ঝড়,টর্ণেডো কিংবা ভূমিকম্প হলে এসব ভবন গুলি ভেঙ্গে পড়ার সম্ভাবনা রয়েছে।
জেলা নির্বাচন অফিসের এক কর্মচারী বলেন,তারা অনেকটা নিরুপায় হয়ে পরিত্যক্ত ভবনে অফিস করছে। কারণ বিকল্প ব্যবস্থা না থাকায়।
মেহেরপুরের পৌর মেয়র মোতাছিম বিল্লাহ মতু বলেন,ভবন গুলি ভাঙ্গার জন্য কয়েকবার উদ্যোগ নিয়েছি। কিন্তু সরকারের পক্ষ থেকে পূর্ণ সহযোগীতা না পাওয়ায় কাজ শুরু করতে পারিনি।কারণ ভবন গুলি ভাঙ্গার জন্য পর্যাপ্ত পুলিশ ও ম্যাজিস্ট্রেটের উপস্থিতির প্রয়োজন। রাজনৈতিক সদিচ্ছা না থাকায় সেটা সম্ভব হয়ে উঠেনি।
অনেক আগেই এই সমস্ত ভবন বসবাসের অযোগ্য ঘোষনা করলেও বসবাসকারীরা বলছেন- বিকল্প ব্যাবস্থা গড়ে না ওঠায় তারা বাধ্য হয়েই ঝুঁকিপূর্ণ ভবনেই কাজ চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি ভবন ভেঙ্গে ফেলার মূল দায়িত্ব পৌরসভার হলেও তারা সরকারের উপর দোষ চাপিয়ে দিয়ে পার পেয়ে যাচ্ছে।


