আবু আক্তার,মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১০ সেপ্টেম্বর:
মেহেরপুর জেলা আওয়ামীলীগের বিভিক্ত দু’গ্রুপ সমর্থিত ছাত্রলীগ ও যুবলীগের কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। দলের একাংশ মেহেরপুর পৌর সভার প্যানের মেয়র যুবলীগ নেতা রিপন হত্যা মামলার বিচার দাবীতে এবং অপরাংশ যুদ্ধপরাধীদের দ্রুত বিচার দাবীতে
মিছিল, মানববন্ধন ও সমাবেশের পাল্টাপাল্টি কর্মসূচী দিলে আজ সোমবার বিকালে
এই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।এই সময় উত্তেজনা দেখা দিলে শহরের প্রধান সড়কের সমস্ত দোকানপাঠ বন্ধ হয়ে যায়। পরিস্থিতি মোকাবিলায় শহর জুড়ে ব্যাপক পুলিশী প্রহরা ছিল।
বিকাল সাড়ে ৫টায় মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি জয়নাল
আবেদীনের নেতৃত্বাধীন অংশ প্যানেল মেয়র রিপন হত্যা মামলার বিচার দাবীতে মেহেরপুর প্রেসক্লবের সামনে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচীর ডাক দেয়। কর্মসূচীতে অংশ নিতে শত শত কর্মী মিছিল নিয়ে প্রেসক্লাব সম্মুখে জড়ো হয়ে দীর্ঘ মানববন্ধন তৈরী করে। মানব বন্ধনে বক্তব্য রাখেন মেহেরপুর শহর আওয়ামীলীগের সভাপতি অ্যাড. ইয়ারুল ইসলাম, জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনাম, সাধারন সম্পাদক সাজ্জাদুল আলম সাজ্জাদ, সদর উপজেলা সভাপতি আনোয়ার হোসেন, সম্পাদক আল মামুন, শহর সভাপতি শেখ কামাল, সম্পাদক তৌহিদুল ইসলাম, নিশান সাবের, শেখ মোমিন প্রমুখ।
একই সময় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদের প্রশাসক মিয়াজান আলীর নেতৃত্বাধীন অংশ জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক বারিকুল ইসলাম লিজনের নেতৃত্বে যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে শহরের হোটেল বাজার মোড়ে জড়ো হয়ে মিছিল বের করে।বিক্ষোভ মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সম্পাদক মোজাম্মেল হক, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি তোহিদুল ইসলাম, সাধারন সম্পাদক রুবেল, ছাত্রলীগ নেতা পোলেন, জুয়েল প্রমুখ। যুদ্ধাপরাধীদের দ্রুত বিচার দাবীতে মিছিলটি প্রেসক্লাব সম্মুখ সড়ক অতিক্রমের সময় দুই গ্রুপের কর্মীরা মুখোমুখি ও পরস্পর বিরোধী শোগান দিলে উত্তেজনা শুরু হয়।
এ সময় দুই গ্রুপের মধ্যে দেখা দেয় ধাওয়া পাল্টা ধাওয়া। উভয় গ্রুপের কর্মীরাই লাঠিসোটা নিয়ে একে অপরকে ধাওয়া করে। পুলিশ পরিস্থিতি মোকাবিলায় উভয় গ্রুপের উপর লাঠিচার্জ করলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। ভয়ে শহরের দোকান পাঠ বন্ধ হয়ে যায়।
জেলা যুবলীগের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে,মেহেরপুর সদর থানার ওসি জাহাঙ্গীর আলম ও সেকেন্ড অফিসার মেহেদী হাসান ছাত্রলীগ দিয়ে পরিকল্পিতভাবে তাদের উপর হামলা চালায়। তারা দু’পুলিশ কর্মকর্তার অপসারন দাবি করেন। অপর দিকে জেলা ছাত্রলীগের দাবি যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে শান্তিপূর্ন মিছিলে পরিকল্পিতভাবে যুবলীগ হামলা চালায়।