মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৫ মে:
মেহেরপুর সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব গোলাম রসুলের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবীতে শহরে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার রাত ৮ টার দিকে আওয়ামীলীগ নেতা আব্দুল মান্নান ছোট এর নেতৃত্বে একটি মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহরের হোটেল বাজার মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তারা অবিলম্বে হামলাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তি সহ হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান ।
এর আগে হামলার প্রতিবাদে মেহেরপুর জেলায় অনির্দিস্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দেয় মেহেরপুর আন্ত:জেলা বাস মিনিবাস মালিক সমিতি।
উল্লেখ্য,বৃহস্পতিবার বেলা ৩ টার দিকে মেহেরপুর সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম রসুল মুজিবনগর উপজেলার ভবেরপাড়া গ্রামে তাঁর কেনা আমবাগান থেকে কে বা কারা আম পাড়ছে এ সংবাদে দলবল নিয়ে ঘটনাস্থলে যায়। জমির প্রকৃত মাল্লিক দাবীদার একই গ্রামে জামাত ও বগা মোল্লার লোকজন আম পাড়ার সময় গোলাম রসুল ও তার লোকজন বাঁধা দেয়ার চেষ্টা করে। এসময় উভয়ের মধ্যে কিছুটা বাকবিতন্ডা হয়। বাকবিতন্ডার এক পর্যায়ে ভবের পাড়া গ্রামের মেম্বর বগা’র ওপর গোলামের লোকজন চড়াও হয় এবং তাকে উঠিয়ে নিয়ে যেতে চাইলে গ্রামের লোকজনের রোষানলে পড়ে। এসময় বাগানের দাবীদার জামাত মোল্লার লোকজন ও এলাকাবাসীরা একত্রিত হয়ে গোলাম রসুলকে বেধড়ক লাঠিপেটা করে। এসময় গোলাম রসুল মারাত্নক জখম হলে সঙ্গীয় লোকজন তাকে উদ্ধার করে মেহেরপুর রমেশ ক্লিনিকে ভর্তি করে। বর্তমানে তিনি রমেশ ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন।