মেহেরপুর নিউজঃ
যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মেহেরপুরে পবিত্র ঈদুল ফিতরের জামাতসমূহ আয়োজনের জন্য সময়সূচি নির্ধারণ করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, মেহেরপুর পৌর ঈদগাহ মাঠে সকাল ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। একই দিন সকাল ৮টা ১৫ মিনিটে পুরাতন পৌর ঈদগাহ মাঠে দ্বিতীয় প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
এছাড়াও, কালেক্টরেট জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়, মেহেরপুর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মাঠে সকাল ৭টা ৩০ মিনিটে এবং সদর উপজেলা মডেল মসজিদে সকাল ৭টা ৩০ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
মেহেরপুর সদর থানা জামে মসজিদে সকাল ৭টা ৪৫ মিনিটে এবং শহীদ শামসুজ্জোহা নগর উদ্যানে আহলে হাদিসের জামাত সকাল ৬টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।
জেলার একমাত্র মহিলাদের ঈদের জামাত সকাল ৮টা ৪৫ মিনিটে পৌর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।
প্রধান ঈদের জামাতে (পৌর ঈদগাহ মাঠ) ইমামতি করবেন বড় বাজার জামে মসজিদের ইমাম মাওলানা বায়েজিত হোসেন। পুরাতন পৌর ঈদগাহ মাঠের জামাতে ইমামতি করবেন হোটেল বাজার জামে মসজিদের ইমাম মাওলানা রোকনুজ্জামান। কোর্ট জামে মসজিদ প্রাঙ্গণে ইমামতি করবেন হাফেজ সাদিকুর রহমান।
এছাড়া জেলার অন্যান্য এলাকায় সুবিধামতো সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল হলে স্ব-স্ব এলাকার মসজিদে ঈদের জামাত আদায় করা হবে।