এসআই বাবু, বারাদী প্রতিনিধিঃ
মেহেরপুর সদর উপজেলার কলাইডাঙ্গা গ্রামের পশ্চিম পাড়ায় দুর্বৃত্তের হাঁসুয়ার কোপে মারাত্মক জখম হয়েছে লুৎফর রহমান(৪৫) নামের এক ব্যক্তি। বর্তমানে সে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। লুৎফর রহমান কলাইডাঙ্গা গ্রামের পশ্চিম পাড়ার মৃত শাহেদ আলীর সেজ ছেলে।
শনিবার দিনগত রাতে কলাইডাঙ্গা পশ্চিমপাড়ার মেন্দির মাঠে এ হতাহতের ঘটনা ঘটে। সরেজমিনে গিয়ে জান জানা যায়, দিনমজুর লুৎফর রহমান নিজের পালিত গরুর জন্য মেন্দির মাঠে ৫ কাঠা জমিতে নেপিয়ার ঘাসের চাষ করেছেন। কিন্তু বেশ কিছুদিন যাবৎ সে দেখতে পায় তার জমি থেকে ঘাস চুরি হয়ে যাচ্ছে । তাই চোর ধরার জন্য গতরাতে পূর্ব থেকেই ওৎ পেতে থাকে লুৎফর। পরবর্তীতে কলাইডাঙ্গা গ্রামের ঘরজামাই নবীছদ্দীন(৬০) জমিতে গিয়ে ঘাস কাটতে শুরু করে। তখন চোর ধরতে গিয়েই জখমের শিকার হন লুৎফর। নবীছদ্দীন বারাদী বাজারের মুরগী ব্যবসায়ী এর ভগ্নিপতি।
প্রত্যক্ষদর্শী নুরুল বলেন, আমি ভাটার ডিউটিতে এই পথ দিয়ে যাচ্ছিলাম। বাঁচাও বাঁচাও চিৎকারে আমি ঘটনাস্থলে ছুটে যায়। গিয়ে দেখি নবীছদ্দীন হাঁসুয়া নিয়ে তেড়ে নিয়ে বেড়াচ্ছে লুৎফরকে। দুটি কোপ তার গায়ে লাগে। একটি কোপে তার হাতের আঙ্গুল কেটে ঝুলে গেছে এবং অপর কোপে তার লুঙ্গি ছিড়ে যায়। পরে আরো কয়েকজন এসে দুজনকেই ধরে ফেলি। এবং আহত অবস্থায় লুৎফরকে উদ্ধার করে বাড়িতে রেখে আসি।
আহতের ভাই হাবিবুর জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থলে যায় এবং চোরকে ধরে স্থানীয় জনপ্রতিনিধিদের জিম্মায় রেখে ভাইকে নিয়ে আমি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক অপরাগতা প্রকাশ করলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে আমি বাড়ি ফিরে আসি। তবে স্থানীয়ভাবে উপযুক্ত বিচার না পেলে আদালতে মামলা করার কথা জানান তিনি।
অনেকের ধারণা, চিনে ফেলার কারণেই হত্যার উদ্দেশ্যে এভাবে এলোপাথাড়ি কোপাতে থাকে নবীছদ্দীন। এবং অল্পের জন্যই প্রানে রক্ষা পায় লুৎফর। খবর পেয়ে বারাদী পুলিশ ক্যাম্প টু আই সি এএসআই কামরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন।