মেহেরপুর নিউজ, ০৭ জানুয়ারী:
মেহেরপুরের গাংনীতে তুচ্ছ ঘটনার জের ধরে প্রতিপক্ষের লাঠির আঘাতে চাঁদ আলী (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। নিহত চাঁদ আলী গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের হোসেন আলীর ছেলে।
স্থানীয়রা জানান, বুধবার দুপুরের দিকে হাড়াভাঙ্গা বাগানপাড়া এলাকায় কাঠালের পাতা কাটাকে কেন্দ্র করে একই পাড়ার মকবুল হোসেনের ছেলে শ্যামলের সাথে চাঁদ আলীর বাকবিতন্ডা বাঁধে । এ ঘটনায় উত্তেজিত শ্যামল লাঠি দিয়ে চাঁদ আলীর মাথায় আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পরে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করলে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করে। পরে রাত ১০ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে, এঘটনার পর থেকে অভিযুক্ত শ্যামল পলাতক রয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এ ঘটনায় চাঁদ আলীর মৃত্যুর আগেই ৫ জনের নাম উল্লেখ করে বুধবার রাতে একটি মামলা হয়েছে বলে তিনি জানান।