মেহেরপুর নিউজ,২৪ নভেম্বর:
ফুটবল খেলাকে কেন্দ্র করে ঘোষনা দিয়ে মেহেরপুর সদর উপজেলার দক্ষিন শালিকা ও গোভীপুর গ্রামবাসীর মধ্যে দফায় দফায় হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে গোভীপুর গ্রামের জুয়েল রানা নামের এক যুবক আহত হয়েছে । ক্ষতিগ্রস্থ হয়েছে গোভীপুর গ্রামের জমিতে সেচ দেয়া ৮/১০টি শ্যালোমেশিন সহ বিভিন্ন ফসল ক্ষেত। পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ ১২ রাউন্ড ফাঁকা গুলি বর্ষন করেছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে আছে। দফায় দফায় হামলা ও সংঘর্ষের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মঙ্গলবার সকালে গোভীপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।
পুলিশ ও উভয় গ্রামের প্রত্যক্ষদর্শীরা জানান, গত শনিবার বিকালে মেহেরপুর সদর উপজেলার গুচ্ছগ্রাম ফুটবল মাঠে ওই গ্রামের তরুণ সংগঠনের উদ্যোগে স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টের ২য় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় গোভীপুর একাদশ দক্ষিন শালিকা একাদশের কাছে পরাজিত হয়। খেলা চলাকালিন সময়ে উভয় দলের সমর্থকদের মধ্যে উত্তেজনা শুরু হলে এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে গোভীপুর গ্রামের হিটলার নামের এক যুবক আহত হয়।
এ ঘটনার জের ধরে সোমবার বিকালে শালিকা গ্রামের এনামুল হক নামের এক ব্যাক্তির উপর হামলা চালায় গোভীপুর গ্রামের কয়েক যুবক। এ খবর দক্ষিন শালিকায় পৌছালে গ্রামবাসী একজোট হয়ে মঙ্গলবার সকালে গোভীপুর গ্রামে হামলা করার জন্য মাইকে প্রচার করে ঘোষনা দেয়। পরে গোভীপুর গ্রামের বিভিন্ন মসজিদ মাইকের মাধ্যমে গ্রামের লোকজনকে সতর্ক করে তাদের উপর পাল্টা হামলার ঘোষনা দেয়।
ঘোষনা মতে মঙ্গলবার সকালে দক্ষিন শালিকার গ্রামের শতশত লোকজন দেশী অস্ত্র সাজে সজ্জিত হয়ে গোভীপুর গ্রামে কাছাকাছি এসে পৌছালে পুলিশের বাঁধার মুখে পড়ে। এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে ১২ রাউন্ড ফাঁকা গুলি বর্ষন করে। পুলিশের গুলির মুখে তার নিজ নিজ গ্রামে ফিরে যায়। পুলিশ পৌছানোর আগে উভয় পক্ষের ইটপাটকেল ছোড়াছুড়ির ঘটনা ঘটে। এ সময় দক্ষিন শালিকা গ্রামবাসী গোভীপুর গ্রামবাসীর ২০/২৫ বিঘা জমির ফসল নষ্ট করে। হামলা চালিয়ে ভাংচুর করে জমিতে সেচ কাজে ব্যবহার করা ৮/১০টি শ্যালোমেশিন। এ ঘটনায় গোভীপুর গ্রামের জুয়েল রানা নামের এক যুবক মাথায় আঘাত পান। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব বলেন, উভয় গ্রামবাসীর মধ্যে উত্তেজনার খবর শুনে দু’গ্রামের মাঝে বিপুল পরিমান পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে ঘটনার সময় ১২ রাউন্ড ফাঁকা গুলি বর্ষন করা হয়েছে। তবে এ ঘটনায় কোনো মামলা হয়নি বলে তিনি জানান।