মেহেরপুর নিউজ:
ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীকে পুনর্বাসনের মাধ্যমে রাষ্ট্রের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত ও ভিক্ষাবৃত্তির অপবাদ থেকে মুক্তির জন্য প্রধানমন্ত্রীর একান্ত ইচ্ছায় সারাদেশের ন্যায় মেহেরপুর জেলায়ও চলছে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচি। ইতোমধ্যে এ জেলার ২২ জন ভিক্ষুককে পুনর্বাসিত করা হয়েছে। তারা সম্মানজনক জীবিকার উপায় খুঁজে পেয়েছেন। চলতি অর্থবছরে আরো বেশ কিছু ভিক্ষুককে পুনর্বাসনের আওতায় আনা হবে।
এ উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে আগামী ২৩ মে মঙ্গলবার মেহেরপুর জেলার সকল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সকাল ১০ টায় একযোগে স্ব স্ব উপজেলার ভিক্ষুক যাচাই বাছাই কার্যক্রম সম্পন্ন করা হবে।
ইতোমধ্যে উপজেলা সমাজসেবা অফিসার ও ইউনিয়ন সমাজকর্মীগণ জনপ্রতিনিধিদের সহায়তায় ভিক্ষুকদের প্রাথমিক তালিকা প্রণয়ন করেছেন। কোন ভিক্ষুক যাতে তালিকার বাইরে না থাকেন সেজন্য সচেতন নাগরিক সমাজ ও জনপ্রতিনিধিগণের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।
এ বিষয়ে মেহেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম বলেছেন আপনাদের আশেপাশের ভিক্ষুকদের এ তথ্যটুকু সরবরাহ করে তালিকাভুক্ত হওয়ার কাজে সহযোগিতা করুন। জেলা প্রশাসক জানান, পুনর্বাসনের মধ্য দিয়ে মেহেরপুর জেলা ভিক্ষুকমুক্ত হবে-এটা আমাদের প্রত্যাশা।