মেহেরপুর নিউজ, ১৯ ফেব্রূয়ারী:
মেহেরপুর সদর উপজেলার কাঠালপোতা গ্রামে ছিনতাইকারীদের হামলায় মনসুর আলী নামের এক গরু ব্যবসায়ী আহত হয়েছে। এ সময় তার কাছে থাকা ৫ লক্ষ ৮০ হাজার টাকা লুট করে নিয়েছে ছিনতাইকারীরা। আহত মনসুর আলী মেহেরপুর জেনারেল হামপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় শুক্রবার সকালে মেহেরপুর সদর থানায় একটি অভিযোগ দাখিল করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিার রাত ১১ টার দিকে গরু ব্যবসায়ী মনসুর আলীর চুয়াডাঙ্গার শিয়ালমারী গরুর হাটে গরু বিক্রি শেষে নিজ বাড়ি মেহেরপুর সদর উপজেলার কাঠালপোতা গ্রামে ফিরছিলেন। এসময় মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের কাঠালপোতা মোড়ে পৌছালে একদল অন্ত্রধারী ছিনতাইকারী তার গতিরোধ করে। এ সময় তিনি প্রতিরোধ করার চেষ্টা করলে ছিনতাইকারীরা তাকে এলাপাতাড়ি কুপিয়ে জখম শেষে তার কাছে থাকা গরু বিক্রির ৫ লক্ষ ৮০ হাজার টাকা লুট করে নিয়ে পালিয়ে যায়।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, এ ঘটনায় থানায় একটি অভিযোগ হয়েছে। ছিনতাইকারীদের আটকের চেষ্টা চলছে।