মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জেলা কার্যালয়ের উদ্যোগে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর মেহেরপুরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেছে। বুধবার দুপুরে পরিচালিত এ অভিযানে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদনের অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মামুনুল হাসান। এ সময় নিত্যপ্রয়োজনীয় পণ্য, ঔষধ, সেমাই, কসমেটিকস এবং হোটেলসহ বিভিন্ন প্রতিষ্ঠানে তদারকি করা হয়।
ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ধারা ৩৪ অনুযায়ী অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদনের দায়ে মেসার্স আফিফ বাংলা ফুডকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া খাদ্যে নিষিদ্ধ দ্রব্য (হাইড্রোজ) ব্যবহারের দায়ে একই আইনের ধারা ৪২ অনুযায়ী কাথুলী মোড়স্থ শোলমারী হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এ সময় আরও কয়েকটি প্রতিষ্ঠানকে ক্রয়-বিক্রয় ভাউচার প্রদান ও সংরক্ষণ, মানসম্মত পণ্য ক্রয়-বিক্রয় এবং মেয়াদোত্তীর্ণ পণ্য ও ঔষধ বিক্রি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রিয়াজ মাহমুদ এবং জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।