মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের উদ্যোগে জেলার বিভিন্ন উপজেলায় জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা, গ্রাহকদের হয়রানি প্রতিরোধ এবং সড়ক পরিবহন আইন, ২০১৮-এর যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে একযোগে মোবাইল কোর্ট অভিযান ও ফিলিং স্টেশন মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
মেহেরপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলামের নেতৃত্বে মেহেরপুর ফিলিং স্টেশন, নূর ফিলিং স্টেশন, জেড কে ফিলিং স্টেশন ও শেখ ফিলিং স্টেশনে মনিটরিং ও মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। একই দিনে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেনের নেতৃত্বে গাংনী উপজেলার মেসার্স জামান ফিলিং স্টেশন ও মেসার্স হোসেন ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়।
এছাড়া এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ভূবন চন্দ্র হালদারের নেতৃত্বে মেহেরপুর সদর আমিন ফিলিং স্টেশনেও মনিটরিং ও মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে যেসব ফিলিং স্টেশনে তেল মজুদ না থাকায় সাময়িকভাবে বিতরণ বন্ধ ছিল, সেখানে তেল প্রাপ্তির সঙ্গে সঙ্গে দ্রুত বিতরণ কার্যক্রম শুরু করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়। পেট্রোল বিতরণকালে সৃষ্ট বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ করে সুশৃঙ্খলভাবে গ্রাহকদের মাঝে তেল সরবরাহ নিশ্চিত করতে ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
এছাড়া ফিলিং স্টেশনগুলোর রেজিস্টার যাচাই করে তেল মজুদের পরিমাণ পরীক্ষা করা হয় এবং গত রাতের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হয়। ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির রেজিস্ট্রেশন যাচাইপূর্বক তেল সরবরাহ নিশ্চিত করতে বলা হয়েছে। একই সঙ্গে যেসব যানবাহনে পর্যাপ্ত তেল রয়েছে সেগুলোতে অতিরিক্ত তেল না দেওয়া এবং জেরিক্যানে তেল সরবরাহ না করার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।