মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে “ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে প্রতি শনিবার সমন্বিত অভিযান পরিচালনা” শীর্ষক এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. সৈয়দ এনামুল কবির।
সভায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জেলার বিভিন্ন স্থানে প্রতি শনিবার নিয়মিত সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান পরিচালনার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
জেলা প্রশাসক সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশার প্রজননস্থল ধ্বংস, পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং নিয়মিত মনিটরিং জোরদার করা অত্যন্ত জরুরি। পাশাপাশি স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে টেকসই প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
সভায় অন্যদের মধ্যে সিভিল সার্জন ডা. আবু সাঈদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পার্থ প্রতিম শীলসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।